রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, ডাকাতি ও মাদকসহ ছয়টি মামলার আসামি মো. ছাব্বির হোসেন (২৩) এবং ভোলার কুঞ্জপট্টি এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মো. কামাল হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-২ (এসআরবি)।
গত মঙ্গলবার (৬ অক্টোবর) পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়। এসআরবি-২-এর উপপরিচালক মিডিয়া মেজর এম মুবীন রহমান তাপস এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
মেজর এম মুবীন রহমান তাপস জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে তারা জানতে পারেন যে, ছিনতাই, ডাকাতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন মামলায় অভিযুক্ত ছাব্বির হোসেন মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকায় অবস্থান করছেন। এরপর এসআরবি-২-এর একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে মেজর মুবীন রহমান তাপস জানান, “ছাব্বির দীর্ঘদিন ধরে আদাবর ও মোহাম্মদপুর এলাকায় ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।”
পিসিপিআর যাচাই করে এসআরবি কর্মকর্তা তাপস আরও জানান, ছাব্বিরের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ছিনতাই, ডাকাতির প্রস্তুতি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি এবং আদাবর থানায় দস্যুতার একটি মামলা দায়ের করা হয়েছে।
মেজর মুবীন রহমান তাপস আরও জানান, একই দিনে এসআরবি-২ ও এসআরবি-৮-এর একটি যৌথ অভিযানে ভোলার কুঞ্জপট্টি এলাকা থেকে ধর্ষণ মামলার আসামি মো. কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা গেছে, গত ৪ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং এলাকার একটি বাসায় ৭ বছর বয়সী এক শিশুকে প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে কামাল হোসেনের বিরুদ্ধে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শিশুটির মা ৫ অক্টোবর আদাবর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০২৫)-এর ৯(১) ধারায় আদাবর থানায় মামলা হয়েছে। মামলাটির নম্বর ০৪, তারিখ ৫ অক্টোবর ২০২৬; জিআর নম্বর ১৬৫/২৬।
গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে বর্তমানে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।