বর্তমানে কি কোনো প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা? এই প্রশ্নের জবাবে স্পষ্ট করে জানিয়েছেন যে, তিনি বর্তমানে কোনো প্রেমের সম্পর্কে নেই এবং নিজেকে ‘সুপার সিঙ্গেল’ হিসেবেই পরিচয় দিয়েছেন। সম্প্রতি মুক্তকণ্ঠ ডটকমের নিয়মিত আয়োজন ‘মেরিল ক্যাফে লাইভ’–এ অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেমের যাবতীয় গুঞ্জন উড়িয়ে দিয়েছেন ‘দুষ্টু কোকিল’ খ্যাত এই গায়িকা।
অনুষ্ঠানের বিশেষ অংশ ‘হিউমার বনাম রিউমার’ পর্বে উপস্থাপক মৌসুমী মৌ যখন কনার প্রেমের বিষয়ে জানতে চান, তখন তিনি সরাসরি উত্তর দেন, ‘নাহ্। আমি প্রেম করছি না। এটা রিউমার। আমি সুপার সিঙ্গেল।’
তবে ভবিষ্যতে প্রেমের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করে দেননি কনা। কেউ তাঁকে পছন্দ করলে সেই সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হ্যাঁ, হতে পারে তো অবশ্যই।’
জীবনসঙ্গী হিসেবে কেমন ছেলে তাঁর পছন্দ, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তালিকা বা শর্ত দেননি কনা। বরং সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া এবং মানিয়ে নেওয়ার বিষয়টিকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। কনা জানান, তিনি অনেক কিছু সহ্য করতে পারেন এবং পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারেন। এমনকি তাঁর বন্ধুরাও প্রায়ই বলে থাকেন যে, তিনি মানুষকে অনেক বেশি বোঝেন বলেই অনেক সময় বিভিন্ন ঝামেলায় পড়তে হয়।
নিজের ব্যক্তিত্ব ও প্রত্যাশা সম্পর্কে কনা বলেন, ‘আমি তো এ রকমই। আমি মানুষটা এ রকমই। আমি এ রকম একটা মানুষ চাই, যে আমাকে ভালোবাসবে। আমি তাকে যে রকম ভালোবাসব।’
জীবনসঙ্গীর কাছে তাঁর চাওয়া অত্যন্ত সহজ ও সাবলীল। তিনি শুধু চান এমন একজনকে, যিনি তাঁর পাশে থাকতে আগ্রহী হবেন। এ প্রসঙ্গে কনা বলেন, ‘আমি চাই যে মানুষটা আমার সঙ্গে থাকতে চাইবে। আমি তোমার সঙ্গেই থাকব। এটুকু হয়ে গেলে বাকিটা তো..।’
দুজন মানুষের একসঙ্গে পথচলায় ত্যাগ ও সমঝোতা অপরিহার্য বলে মনে করেন এই শিল্পী। তাঁর ভাষায়, ‘স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ হলে দুনিয়াতে কিছু নাই। দুজন একসঙ্গে থাকতে গেলে ওটা ম্যাচ হয়েই যাবে।’
উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে গোলাম মোহাম্মাদ ইফতেখার গহিনকে বিয়ে করেছিলেন কনা। প্রায় ছয় বছরের দাম্পত্য জীবনের পর ২০২৫ সালের ১৬ জুন তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই এই খবর জানান কনা। তিনি উল্লেখ করেন, এই সিদ্ধান্তটি দুজনের জন্যই অত্যন্ত কঠিন ছিল, তবে পারস্পরিক আলোচনার মাধ্যমে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
বিচ্ছেদের খবর সামনে আসার পর কনাকে নিয়ে নতুন সম্পর্কের নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। বছরের শেষ দিকে মেহেদি রাঙানো হাতের একটি ছবি প্রকাশ হলে তাঁর বিয়ের গুঞ্জন নতুন করে আলোচনায় আসে। তবে পরবর্তীতে জানা যায়, ওই ছবিটি কনার ‘মেহেন্দি’ গানের শুটিংয়ের একটি দৃশ্য ছিল এবং এর সাথে তাঁর ব্যক্তিগত জীবনের বা বিয়ের কোনো সম্পর্ক ছিল না।
এরই মধ্যে সৈয়দ অমিরের সঙ্গে তাঁর দ্বৈত গান ‘আমপাতা জোড়া জোড়া’ প্রকাশিত হয়েছে, যার কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। এছাড়া কনা ও এলিটা করিমের দ্বৈত গান ‘বন্ধু প্রিয়’ প্রকাশিত হয়েছে, যার কথা লিখেছেন সোহেল আরমান এবং সুর ও সংগীতায়োজন করেছেন বাপ্পা মজুমদার।