মেডিক্যাল অক্সিজেনের নিরাপদ, নির্ভরযোগ্য এবং ন্যায্য প্রাপ্যতা নিশ্চিত করার লক্ষ্যে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে (আইইউবি) ‘বাংলাদেশ অক্সিজেন সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ২০২৬ সালের ৩ ও ৪ অক্টোবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই দুই দিনের সম্মেলনে বৈজ্ঞানিক অধিবেশনের পাশাপাশি উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আয়োজনে এবং আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেসের (চিপস) সহযোগিতায় এই সম্মেলনটি সম্পন্ন হয়। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘জার্নি টু অ্যাচিভ, ইকুইটেবল অ্যাকসেস টু মেডিক্যাল অক্সিজেন’।

সম্মেলনের দ্বিতীয় দিনে আইইউবির মাল্টিপারপাস হলে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী সংলাপ অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত। পুরো অধিবেশনে সভাপতিত্ব করেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম।

অনুষ্ঠানে এম এ মুহিত বলেন, “চলতি অর্থবছরের বাজেটেই একটা প্রকল্প হাতে নেওয়া হচ্ছে, যেন দ্রুতগতিতে অন্তত ২০টি জেলায় সমন্বিতভাবে একটি মেডিক্যাল অক্সিজেন ব্যবস্থাপনা তৈরি করা যায়। ক্রমান্বয়ে আগামী অর্থবছরে এটিকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।”

নীতিনির্ধারণী সংলাপে আরও অংশগ্রহণ করেন রেডিয়েন্ট ফার্মার চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী, বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের (বিএমআরসি) সভাপতি অধ্যাপক সায়েবা আখতার, এসওএসবির মহাসচিব অধ্যাপক মো. মনির হোসেন খান, এপিবির সভাপতি অধ্যাপক সোহেল মাহমুদ আরাফাত, আইইডিসিআরের পরিচালক কাজী আহমেদ জাকী এবং স্বাস্থ্য অধিদপ্তরের পরিকল্পনা ও গবেষণা বিভাগের পরিচালক শাহনেওয়াজ দেওয়ান।

এছাড়া এই সংলাপে অংশ নেন আইসিডিডিআরবির জ্যেষ্ঠ বিজ্ঞানী শামস আল আরেফিন, বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক কে এস বেন্নূর, সোমালিয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক প্রতিনিধি এস কে মামুনুর রহমান মালিক, জনস্বাস্থ্যবিশেষজ্ঞ এস এম আসিব নাসিম এবং ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন।

৩ অক্টোবর উদ্বোধনী দিনে স্বাগত বক্তব্য প্রদান করেন চিপসের পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশ অক্সিজেন নেটওয়ার্কের আহ্বায়ক আহমেদ এহসানুর রহমান সম্মেলনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের চিফ অব হেলথ মালালয় আহমাদজাই। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক ম তামিম।

প্রথম দিনে ‘মেডিক্যাল অক্সিজেন নিড, প্রোডাকশন ক্যাপাসিটি অ্যান্ড সাপ্লাই’ শীর্ষক প্রথম বৈজ্ঞানিক অধিবেশনটি অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন। অধিবেশনে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বারডেমের অধ্যাপক আবিদ হোসেন মোল্লা এবং সঞ্চালনা করেন চিপসের পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন। এই আলোচনায় অংশ নেন আহমেদ এহসানুর রহমান, মো. আক্তার হোসেন, মো. আলী সাইফুল্লাহ সাজিব, ফরিদ শিকদার, রেদওয়ান আল হামিদ, শোরাব উদ্দিন আহমেদ, মারুফ হাসান, ডা. থান চো, হাসনাইন আহমেদ, প্রকৌশলী এম এন নাশিদ রহমান ও ডা. সুরাইয়া জেমি।

দ্বিতীয় বৈজ্ঞানিক অধিবেশনের বিষয় ছিল ‘মেডিক্যাল অক্সিজেন এডুকেশন, রিসার্চ, মেজারমেন্ট অ্যান্ড ইনোভেশন’। এই অধিবেশনে সভাপতিত্ব করেন চিকিৎসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নাজমুল হোসেন। সহসভাপতি ছিলেন শামস আল আরেফিন এবং সঞ্চালনা করেন আইসিডিডিআরবির বিজ্ঞানী আহমেদ এহসানুর রহমান। আলোচনায় বক্তব্য দেন অধ্যাপক আবিদ হোসেন মোল্লা, আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন কামরান উল বাছেত, সাবিনা আশরাফী লিপি, আবু আহাম্মদ আল মামুন, মো. হাসিব মামুন, মোস্তফা আশরাফুজ্জামান, সাবিত সাদ শফিক, সাব্বির আহমেদ, কাজী সেফায়েত এনাম ও মানাল মিজানুর রহমান।

প্রথম দিনের কার্যক্রমের শেষে সমাপনী বক্তব্য দেন চিপসের পরিচালক এস এম মোয়াজ্জেম হোসেন। একই দিনে মাল্টিপারপাস হলে ‘মিট দ্য অক্সিজেন চ্যাম্পিয়নস’ শীর্ষক একটি বিশেষ আয়োজন করা হয়। এতে অংশ নেন শামস আল আরেফিন, মোহাম্মদ জোবায়ের চিশতি ও ডা. এস কে মামুনুর রহমান মালিক। এই বিশেষ আয়োজনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক সায়েবা আখতার।