যেকোনো উৎসব আমাদের দৈনন্দিন একঘেয়েমি আর পরিচিত ছন্দ থেকে বেরিয়ে আসার একটি দারুণ সুযোগ। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় অংশ হয়ে ওঠে আমাদের পোশাক। উজ্জ্বল রঙের বাহার, সূক্ষ্ম কারুকাজ এবং জমকালো কাপড়ের সমন্বয় যখন ঘটে, তখন পোশাকই হয়ে ওঠে আনন্দ প্রকাশের প্রধান ভাষা। উৎসবের এই বিশেষ সাজে বেনারসি হতে পারে এক অনন্য ও আদর্শ পছন্দ। বেনারসির সমৃদ্ধ বুনন এবং শৈল্পিক কারুকাজ খুব সহজেই যেকোনো সাজে এক ধরনের আভিজাত্য ও রাজকীয় ভাব ফুটিয়ে তুলতে পারে। বিয়ের কনের মঞ্চ থেকে শুরু করে বিভিন্ন সামাজিক দাওয়াত বা উৎসবের পোশাক হিসেবে বেনারসির পরিচিতি দীর্ঘদিনের। তবে এখন আর এটি কেবল শাড়িতেই সীমাবদ্ধ নেই; বেনারসির কাপড় দিয়ে কুর্তা, ব্লাউজ, স্কার্ট কিংবা আধুনিক ড্রেস—নানা ধরনের পোশাক তৈরি করা সম্ভব।
অনেকের ধারণা বেনারসি মানেই পুরোনো দিনের নকশা। তবে সঠিক কাটিং এবং আধুনিক নকশার ধাঁচে পরলে একে সমকালীন স্টাইল স্টেটমেন্ট হিসেবে উপস্থাপন করা যায়। এমনকি মা বা দাদির আমলের পুরোনো বেনারসি শাড়িকেও নতুনভাবে ব্যবহার করার সুযোগ রয়েছে। পুরোনো বেনারসি শাড়ি কেটে নতুন কাটের আধুনিক পোশাক বানানোর ধারা বেশ জনপ্রিয়। এছাড়া চাইলে তাঁতিকে নির্দিষ্ট ফরমাশ দিয়ে নতুন কাপড় বানিয়েও এই শৈল্পিক কাজ করা সম্ভব।
উৎসবের সময়ে বেনারসি পরা মানে কেবল নিজেকে সাজানো নয়, বরং দীর্ঘদিনের এক সমৃদ্ধ কারুশিল্পের ধারাকে নিজের সাজের অংশ করে নেওয়া। বর্তমান সময়ে যন্ত্রে তৈরি একই ধাঁচের কাপড়ের ভিড়ে বেনারসির বুনন আমাদের মনে করিয়ে দেয় একটি পোশাকের পেছনে লুকিয়ে থাকা মানুষের দক্ষতা, ধৈর্য, সময় এবং ঐতিহ্য। বেনারসির আবেদন কোনো সাময়িক ফ্যাশন ট্রেন্ডের ওপর নির্ভর করে না। বেনারসি নিজেই এতটাই সমৃদ্ধ যে, এর সঙ্গে খুব বেশি বাড়তি কিছুর প্রয়োজন হয় না। সাধারণ গয়না, হালকা মেকআপ এবং পরিপাটি চুলের সাজেই এই লুক সম্পূর্ণ করা যায়। তবে যারা আরও জমকালো সাজ পছন্দ করেন, তারা ভারী গয়না ব্যবহার করে লুকে ভিন্নতা আনতে পারেন।
বেনারসির বহুমুখী ব্যবহারের কিছু উদাহরণ লক্ষ্য করা যায়। যেমন, ব্রোকেড বেনারসি কাপড় দিয়ে তৈরি করা হয়েছে প্লিটেড কালো স্কার্ট ও টপ, যার সঙ্গে রয়েছে একটি কালো রঙের জ্যাকেট। পুরো সাজে কালো রঙের টাইটি আলাদাভাবে নজর কাড়ছে। জ্যাকেটজুড়ে নিখুঁত ভারসাম্যে বোনা হয়েছে কালো-সোনালি জরির মোটিফ। এই বিশেষ লুকে ব্যবহার করা হয়েছে বাংলার চিরায়ত কানের গয়না মাকড়ি।
অন্য একটি সাজে দেখা যায়, সাদা চাঁপা রঙের বেনারসি শাড়িকে স্কার্টের আদলে ভিন্নভাবে ড্রেপ করে পরানো হয়েছে। শাড়ির সঙ্গে যুক্ত হয়েছে একটি ক্রপড জ্যাকেট। এমনকি গলার মালাটিও বেনারসি মোটিফ থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে।
আবার লাল বেনারসির মিডি ড্রেসে ফুটে উঠেছে আধুনিক লুক। পিওর সিল্ক, হাতে বোনা উপকরণ এবং যত্নসহকারে বসানো মোটিফই যেন এই লুকের মূল আকর্ষণ। এর সঙ্গে বেনারসি মোটিফ-অনুপ্রাণিত কানের দুল এবং অ্যান্টিক মোটিফের চুড়ি যোগ করেছে বাড়তি মাত্রা।
সবশেষে, সবুজ ও নীল রঙের মিশেলে তৈরি করা হয়েছে দুই রঙের টোনের একটি শাড়ি। এর আঁচলে রয়েছে ভারী কলকা মোটিফের কারুকাজ। সাজটি পূর্ণ করতে ব্যবহার করা হয়েছে এমারেল্ড রঙের চোকার এবং বেণিতে জড়ানো জোড়া শালিকের ক্লিপ।