আইপিএলের আঙিনায় এক নতুন ও গুরুত্বপূর্ণ ভূমিকায় ফিরছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। ২০২৭ মৌসুমের কথা মাথায় রেখে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজিটি তাকে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে। গত দুই মৌসুম ধরে এই দায়িত্ব পালন করা হেমাঙ্গ বাদানির স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।

দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভ গাঙ্গুলীর সম্পর্ক দীর্ঘদিনের। ২০১৯ সালে প্রথমবার উপদেষ্টা হিসেবে এই দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। পরবর্তীতে বিসিসিআই সভাপতির দায়িত্ব শেষ করার পর তিনি দিল্লির পুরুষ ও নারী উভয় দলের ক্রিকেট পরিচালকের দায়িত্বও পালন করেছেন। এবার সেই সম্পর্কের ধারাবাহিকতায় প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করছেন তিনি।

নতুন এই দায়িত্ব পাওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে গাঙ্গুলী বলেছেন, ‘আইপিএলে প্রধান কোচের দায়িত্ব নিতে মুখিয়ে আছি। দিল্লি ক্যাপিটালস আমার হৃদয়ের খুব কাছের একটি দল এবং বছরের পর বছর এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আমার দৃঢ় সম্পর্ক তৈরি হয়েছে।’

দলের মালিকপক্ষ, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সহায়ক কর্মী এবং খেলোয়াড়দের সঙ্গে আগে থেকেই কাজ করার যে অভিজ্ঞতা তার রয়েছে, তাকে বড় একটি সুবিধা হিসেবে দেখছেন সৌরভ।

দলের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গাঙ্গুলী বলেন, ‘আমাদের প্রতিভাবান একটি দল আছে এবং সাম্প্রতিক সময়ে আমরা ভালো ধরনের ক্রিকেট খেলেছি। দলটির সঙ্গে কাজ করা, নতুন মৌসুম শুরু করা এবং শক্তিশালী ও ভয়ডরহীন একটি দল গড়ে তোলার অপেক্ষায় আছি।’

তবে সৌরভ গাঙ্গুলীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দিল্লি ক্যাপিটালসকে তাদের প্রথম আইপিএল শিরোপা এনে দেওয়া। আইপিএলের শুরুর আসর থেকে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে দিল্লি এবং পাঞ্জাব কিংস এখনো কোনো শিরোপা জিততে সক্ষম হয়নি।

২০২০ সালে শিরোপার খুব কাছাকাছি পৌঁছেছিল দিল্লি। সে বছর ফাইনালে উঠলেও তারা জয়লাভ করতে পারেনি। তার পরের মৌসুমে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করেও তারা ফাইনালে পৌঁছাতে ব্যর্থ হয়। ২০২১ সালের পর থেকে দলটি আর প্লে-অফে খেলার সুযোগ পায়নি। গত মৌসুমে অক্ষর প্যাটেলের নেতৃত্ব এবং হেমাঙ্গ বাদানির কোচিংয়ে ষষ্ঠ স্থানে শেষ করে দিল্লি ক্যাপিটালস।

সৌরভ গাঙ্গুলীর এই নিয়োগের কথা জানিয়ে ফ্র্যাঞ্চাইজিটির সহ-মালিক ও জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল বলেন, ‘দাদা সবসময়ই দিল্লি ক্যাপিটালস পরিবারের গুরুত্বপূর্ণ অংশ। ভারতের অন্যতম সেরা অধিনায়ক ও প্রশাসক এবার দিল্লির প্রধান কোচ হিসেবে কোচিংয়ে পা রাখছেন, এটি ঘোষণা করতে পেরে আমি গর্বিত।’

প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর গাঙ্গুলীর প্রথম কাজ হবে তার সহকারী কোচিং প্যানেল চূড়ান্ত করা। এছাড়া আগামী ১৫ নভেম্বরের মধ্যে কোন খেলোয়াড়দের ধরে রাখা হবে, সেই পরিকল্পনা তৈরি করতে হবে তাকে। ২০২৭ আইপিএলের আগে ডিসেম্বরের মাঝামাঝি সময়ে গোয়ায় একটি ছোট পরিসরের নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে দক্ষিণ আফ্রিকার এসএ২০ লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন সৌরভ গাঙ্গুলী। চলতি বছর তার নির্দেশনায় ওই দলটি ফাইনালে উঠেছিল।