ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় বাড়ির পাশের একটি পুকুর থেকে মোছা. কাসমিরা (২০) নামে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ অক্টোবর) উপজেলার ৪ নম্বর বড় পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের বাড়ি সংলগ্ন একটি পুকুর থেকে তার মৃতদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, নিহত কাসমিরা ওই গ্রামের এন্তাজুল হকের কন্যা। তার স্বামীর নাম আবু হাসান মুন্না, যিনি বড় পলাশবাড়ী এলাকার বাসিন্দা। নিহতের পরিবার নিশ্চিত করেছে যে, কাসমিরা পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

ঘটনা প্রসঙ্গে নিহতের স্বজন আবু বক্কর জানান, পারিবারিক কিছু বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে স্বামীর সঙ্গে কাসমিরার কথা-কাটাকাটি চলছিল। সোমবার হঠাৎ বাড়ির পাশের পুকুরে কাসমিরার মরদেহ ভাসতে দেখে তারা বিষয়টি বুঝতে পারেন। এরপর দ্রুত পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় তিনি বলেন, “এটা আত্মহত্যা না হত্যা, আমরা জানি না। আমরা এর সঠিক তদন্ত চাই।”

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, “আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”