ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় একটি দিঘি থেকে উমর আলী (১৫) ও মিরাজ (১৩) নামের দুই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা পরস্পর আত্মীয়, তারা সম্পর্কে মামা ও ভাগনে ছিলেন।

রোববার (২৫ অক্টোবর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল তাদের মরদেহগুলো উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

জানা গেছে, গতকাল শনিবার দুপুরে তারা দুজন বাড়ি থেকে সাইকেল নিয়ে বের হয়েছিলেন। কিন্তু দীর্ঘ সময় পার হয়ে গেলেও তারা আর বাড়ি ফিরে আসেননি। এতেই পরিবারের সদস্যদের মনে আশঙ্কার সৃষ্টি হয় এবং তারা নিখোঁজ দুই কিশোরের সন্ধানে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে স্থানীয় একটি বড় দিঘির পাড়ে তাদের ব্যবহৃত দুটি সাইকেল পড়ে থাকতে দেখেন স্বজনেরা। তখনই তারা বুঝতে পারেন যে কোনো দুর্ঘটনা ঘটেছে এবং দ্রুত বিষয়টি ফায়ার সার্ভিসকে অবহিত করেন।

খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে দিঘির পানিতে তল্লাশি শুরু করে। রাতভর নিবিড় অভিযান চালানোর পর রাত ২টার দিকে প্রথম কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এরপরও হাল ছাড়েননি উদ্ধারকর্মীরা। তল্লাশি অব্যাহত রাখার পর রোববার দিঘি থেকে অপর কিশোরের মরদেহটিও উদ্ধার করা সম্ভব হয়।

নিহত উমর আলী হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের আব্দুল ওহাব সরকারের ছেলে। আর অপর কিশোর মিরাজ একই গ্রামের ইমরান আলীর ছেলে।

এই মর্মান্তিক দুর্ঘটনা প্রসঙ্গে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ মুক্তকণ্ঠকে বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই দুই কিশোর দিঘিতে গোসল করতে বা খেলতে নেমে পানিতে ডুবে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”