কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে বাংলাদেশি নাগরিক মনে করে দুই ভারতীয় নাগরিককে গুলি করার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ-এর বিরুদ্ধে। বিএসএফ তাদের গুলি করে বাংলাদেশ ভূখণ্ডে ফেলে যাওয়ার অভিযোগ করা হয়েছে। বর্তমানে গুলিবিদ্ধ হয়ে আহত ওই দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারতীয় দুই নাগরিক গুলিবিদ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন আছেন। তাদের জন্য সব ধরনের প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ঘটনার বিবরণ অনুযায়ী, রোববার (৪ অক্টোবর) মধ্যরাতে কুড়িগ্রামের দইখাওয়া সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুই ব্যক্তিকে ফেলে যাওয়া হয়। পরবর্তীতে বাংলাদেশি সহযোগীরা তাদের উদ্ধার করে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এবং ভর্তি করেন। বর্তমানে তারা পুলিশের হেফাজতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

গুলিবিদ্ধ দুই ব্যক্তির নাম আব্দুল আলীম ও ইসমাইল হোসেন। তারা ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মাইনকার চর জেলার সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু এলাকার বাসিন্দা। আব্দুল আলীম হলেন আব্দুল মজিদ মন্ডলের পুত্র এবং ইসমাইল হোসেন মৃত আব্দুল করিম শেখের পুত্র।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, দুজনের শরীরেই গুলির আঘাত রয়েছে। তবে তাদের মধ্যে আব্দুল আলীমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, “ভারতীয় দুই নাগরিককে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। পরবর্তী আইনি ব্যবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নেবে।”

অন্যদিকে, এই ঘটনার বিষয়ে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাহাবুব উল হক ভিন্ন মত পোষণ করেছেন। তিনি বলেন, “সীমান্তে গুলির কোনো ঘটনা ঘটেনি।”