অনেকেরই দাঁত ব্রাশ করার সময় কিংবা শক্ত কোনো খাবার খাওয়ার সময় মাড়ি থেকে রক্ত পড়ার অভিজ্ঞতা থাকে। অধিকাংশ মানুষ এই সমস্যাটিকে খুব সাধারণ বা স্বাভাবিক বিষয় হিসেবে গণ্য করেন। তবে চিকিৎসকদের মতে, সুস্থ মাড়ি থেকে খুব সহজে রক্তপাত হয় না। তাই যদি দীর্ঘ সময় ধরে মাড়ি থেকে রক্ত পড়ার ঘটনা ঘটে, তবে সেটিকে অত্যন্ত গুরুত্বের সাথে বিবেচনা করা প্রয়োজন।

মাড়ি থেকে রক্তপাতের পেছনে নানাবিধ কারণ থাকতে পারে। এর মধ্যে প্রধান কারণ হলো মুখগহ্বর সঠিকভাবে পরিচ্ছন্ন না রাখা। এর ফলে দাঁতের চারপাশে প্লাক ও ক্যালকুলাস জমে প্রদাহ সৃষ্টি হয়, যা রক্তপাতের মূল কারণ হয়ে দাঁড়ায়।

এছাড়া আরও কিছু কারণে এই সমস্যা দেখা দিতে পারে। যেমন—খুব জোরে শক্ত ব্রাশ ব্যবহার করা, অতিরিক্ত মিষ্টি ও আঠালো জাতীয় খাবার গ্রহণ, শরীরে প্রয়োজনীয় ভিটামিনের অভাব, তামাকজাত পণ্যের ব্যবহার এবং বিভিন্ন ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া। বিশেষ করে যারা দীর্ঘমেয়াদে রক্ত পাতলা করার ওষুধ সেবন করেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি থাকে।

ডায়াবেটিসের প্রভাবে মাড়িতে ইনফেকশনের প্রবণতা বৃদ্ধি পায়, যার ফলে রক্তপাত হতে পারে। এমনকি হিমোফিলিয়া, লিউকেমিয়া কিংবা থ্রোম্বোসাইটপেনিয়ার মতো জটিল ব্লিডিং ডিজঅর্ডারে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে মাড়ি থেকে রক্ত পড়া একটি প্রাথমিক লক্ষণ হিসেবে গণ্য হয়।

দুর্ভাগ্যবশত, অনেকেই এই সমস্যাটিকে গুরুত্ব না দিয়ে কেবল ঘরোয়া পদ্ধতিতে প্রতিকারের চেষ্টা করেন। এর ফলে পরবর্তীতে মাড়ি ফুলে যাওয়া, লাল হয়ে যাওয়া, মুখে দুর্গন্ধ হওয়া, দাঁতের ফাঁকে খাবার আটকে যাওয়া কিংবা মাড়ি থেকে পুঁজ বের হওয়া ও ব্যথার মতো জটিলতা তৈরি হয়।

দীর্ঘদিন ধরে মাড়ির রোগ অবহেলা করলে দাঁত ধরে রাখা হাড় এবং অন্যান্য টিস্যু ক্ষতিগ্রস্ত হতে পারে। এর চূড়ান্ত পরিণতি হিসেবে দাঁত ধীরে ধীরে নড়বড়ে হয়ে পড়ে যাওয়ার ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

তাই মাড়ি থেকে রক্তপাত হলে নিজে থেকে কোনো ওষুধ বা মাউথওয়াশ ব্যবহার করে সমস্যাটি সাময়িকভাবে চাপা না দিয়ে শুরুতেই একজন বিশেষজ্ঞ ডেন্টিস্টের পরামর্শ নেওয়া উচিত। ডেন্টিস্ট যথাযথ সময়ে মুখ ও দাঁতের পরীক্ষা করে স্কেলিং, রুট প্ল্যানিংয়ের পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করতে পারেন।

তথ্যসূত্র: ডা. জান্নাতুল ফেরদৌস, ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন; চেম্বার: আলোক ডেন্টাল কেয়ার ইউনিট, আলোক হেলথকেয়ার লি., মিরপুর ১০, ঢাকা।