রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর শাখা ছাত্রদলের হামলার ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। দুই সদস্যের এই কমিটি গঠন করে রোববার (৪ অক্টোবর) ছাত্রদলের প্যাডে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “আজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের তদন্তের জন্য ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এ. বি. এম. ইজাজুল কবির রুয়েল ও মনজুরুল আলম রিয়াদের নেতৃত্বে দুই (২) সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হলো।”

তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরো বিষয়টি যথাযথভাবে তদন্ত করে কেন্দ্রীয় সংসদের কাছে একটি লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বিশেষ নির্দেশনা প্রদান করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার প্রেক্ষিতে তদন্ত কমিটির ওই বিজ্ঞপ্তিটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

এর আগে, রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে এই হামলার ঘটনা ঘটে। এতে চার সাংবাদিক গুরুতর আহত হয়েছেন এবং মোট আহত হয়েছেন অন্তত ১০ জন।

গুরুতর আহত হওয়া সাংবাদিকদের তালিকায় রয়েছেন আগামীর সময়ের প্রতিনিধি জাহিদুল ইসলাম, দ্য ডেইলি স্টারের প্রতিনিধি নূর আহসান মৃদুল, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরিফ উজ্জামান কোরবান এবং দৈনিক সমকালের প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু।

অন্যদিকে, এই হামলায় জড়িত হিসেবে চিহ্নিত হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি আহসান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, সহ-সভাপতি শরিফুল ইসলাম এবং সহ-দপ্তর সম্পাদক শাহরিয়ার আলম। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী, ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী এই সহিংস হামলায় সক্রিয়ভাবে অংশ নেন।