বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মর্যাদাপূর্ণ ফুলব্রাইট স্কলারশিপের সংখ্যা বৃদ্ধি এবং শিক্ষা খাতের দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিনের সঙ্গে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (৪ অক্টোবর) বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স এরিক গিলানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল অংশ নেন। উক্ত প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি অফিসার স্কট হার্টম্যান এবং সিতারাম সিরিন।
আলোচনা সভায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে শিক্ষা খাতের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সামনের দিকে এগিয়ে নেওয়ার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বিশেষ করে, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ফুলব্রাইট স্কলারশিপের সুযোগ কীভাবে আরও বাড়ানো যায়, তা ছিল আলোচনার মূল কেন্দ্রবিন্দু। এর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য অধিকতর স্কলারশিপ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
এছাড়া শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি, শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য এক্সচেঞ্জ প্রোগ্রাম সম্প্রসারণ এবং বাংলাদেশে ভাষা শিক্ষার প্রসার ও দক্ষতা উন্নয়নে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা চালানো হয়।
বৈঠকে শিক্ষার্থীদের এমন সব গবেষণার ক্ষেত্রে স্কলারশিপ প্রদানের বিষয়ে আলোচনা হয়, যার মাধ্যমে তারা স্বাস্থ্য, কৃষি, নগরায়ন, শিল্প, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তিসহ বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারে। পাশাপাশি সার্বিক শিক্ষা খাতের মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ আরও দৃঢ় করা এবং যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী ও অ্যালামনাইদের দেশের উন্নয়ন কর্মকাণ্ডে কীভাবে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত করা যায়, সে বিষয়ে উভয় পক্ষ বিস্তারিত আলোচনা করেন।