চীনের কুনমিংয়ে অবস্থিত ইউনান বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক। মঙ্গলবার (২৮ অক্টোবর) এই সফর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পরিদর্শনের পাশাপাশি তিনি সেখানে অধিভুক্ত একটি মাধ্যমিক বিদ্যালয়ও ঘুরে দেখেন।

সফর চলাকালীন সিনিয়র সচিবকে উষ্ণ অভ্যর্থনা জানান ইউনান বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক মা ওয়েনহুই। এই সাক্ষাতে অধ্যাপক মা ওয়েনহুই বাংলাদেশ ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিদ্যমান শিক্ষা সহযোগিতার সম্পর্ককে আরও বিস্তৃত করার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বর্তমানে ইউনান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের কথা উল্লেখ করে দুই দেশের শিক্ষা সম্পর্কের গুরুত্ব তুলে ধরেন।

অধ্যাপক মা ওয়েনহুই জানান, বাংলাদেশি চীনা ভাষা শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ করতে বিশ্ববিদ্যালয়টি আগ্রহী। একইসঙ্গে চীনা ভাষা ও কারিগরি দক্ষতার সমন্বিত পাঠ্যক্রম চালুর ব্যাপারেও বিশ্ববিদ্যালয়টি পুরোপুরি প্রস্তুত রয়েছে। এছাড়া শিক্ষা, চিকিৎসাবিজ্ঞান, জীববিজ্ঞান, পর্যটন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং নৃবিজ্ঞানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতা কাঠামো গড়ে তোলার প্রস্তাব দেন তিনি। ভবিষ্যৎ অংশীদারিত্বের অংশ হিসেবে যৌথ গবেষণাগার স্থাপন এবং সমন্বিত গবেষণা প্রকল্প গ্রহণের বিষয়টিকেও অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।

ইউনান বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ একাডেমিক সম্পর্কের প্রশংসা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।

সচিব বলেন, “বাংলাদেশ মানসম্মত কারিগরি ও চীনা ভাষা শিক্ষা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।” তিনি অধ্যাপক মা ওয়েনহুইকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই সঙ্গে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, গবেষণা ও অন্যান্য প্রাসঙ্গিক ক্ষেত্রে বাংলাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলতে ইউনান বিশ্ববিদ্যালয়কে স্বাগত জানান তিনি।

সিনিয়র সচিব আরও বলেন, “বাংলাদেশ প্রাতিষ্ঠানিক বিনিময়, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময় কর্মসূচি এবং যৌথ প্রশিক্ষণ উদ্যোগকে আরও জোরদার করতে আগ্রহী।” প্রস্তাবিত সহযোগিতা কাঠামোর মধ্যে বিশেষ করে যৌথ গবেষণা ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রমে বাস্তব ও ফলপ্রসূ অগ্রগতি প্রত্যাশা করে বাংলাদেশ, যা উভয় দেশের তরুণ শিক্ষার্থী ও গবেষকদের জন্য অত্যন্ত উপকারী হবে বলে তিনি উল্লেখ করেন।