বিমানবন্দরে প্রবাসীদের নানাভাবে হয়রানি করা এবং বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাতে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জানা গেছে, আগামী রোববার (৪ অক্টোবর) বিকেল ৫টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

গণমাধ্যমের জন্য পাঠানো একটি আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে যে, বিমানবন্দরে প্রবাসীদের যে ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে এবং মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা’ দায়ের করে তাকে গ্রেপ্তারের প্রতিবাদেই এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

এই আমন্ত্রণপত্রে স্বাক্ষর করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

অন্যদিকে, মেজর (অব.) আখতারুজ্জামানকে ইতিমধ্যে কারাগারে পাঠানো হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা প্রদান এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তা সদস্যদের লাঞ্ছিত করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়। এক দিনের রিমান্ড শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালতে উভয়পক্ষের শুনানি সম্পন্ন হওয়ার পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।