ঢাকা মহানগরের দীর্ঘস্থায়ী যানজটের সমস্যা নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার সড়ক বা ইনার সার্কুলার রিং রোড নির্মাণ প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা প্রদান করেন।
উক্ত সভায় প্রধানমন্ত্রী সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে যৌথভাবে বর্তমান পরিকল্পনাগুলো পুনর্বিবেচনা করার আহ্বান জানান এবং প্রকল্পের কাজের গতি ত্বরান্বিত করার তাগিদ দেন। তিনি নির্দেশ দেন যেন প্রকল্পের পথে প্রধান প্রতিবন্ধকতাগুলো দ্রুত চিহ্নিত করে সেগুলোর কার্যকর সমাধান করা হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং কাজ শেষ করার জন্য একটি সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।
প্রকল্পের বাস্তবায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, “প্রকল্পের কাজে যেন খুব দ্রুত দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হয়।”
পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব এবং সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ প্রতিমন্ত্রী আবদুস সালাম। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক।
এ ছাড়াও সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন।