ঢাকা মহানগরের গণপরিবহন ব্যবস্থার আধুনিকায়ন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করা এবং বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ঢাকার গণপরিবহন ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন। কীভাবে সড়কে নিরাপত্তা নিশ্চিত করা যায় এবং গণপরিবহনের দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। এছাড়া বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ মসিউর রহমান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমেদসহ সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা।