বীর মুক্তিযোদ্ধা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকার জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তাঁর প্রয়াণ ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে আজ রোববার এক বার্তায় এই শোকসংবাদ জানানো হয়েছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, আজ বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ ঢাকার শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে রাখা হবে। এই সময়ে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ তাঁর মরদেহে এসে শ্রদ্ধা নিবেদন করবেন।
শ্রদ্ধা নিবেদনের পর অধ্যাপক নিম চন্দ্র ভৌমিকের মরদেহ তাঁর পৈতৃক নিবাস নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের মির্জানগরে নিয়ে যাওয়া হবে। সেখানে বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করা হবে এবং পরবর্তীতে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।
অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এর সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন।
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ জানান, অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক দুই কন্যাসন্তানের জনক। তাঁর স্ত্রী মনিকা ভৌমিক আগেই মৃত্যুবরণ করেছেন।