চট্টগ্রাম বন্দর থেকে ধ্বংস করার উদ্দেশ্যে নারায়ণগঞ্জে নিয়ে যাওয়ার পথে বিপজ্জনক রাসায়নিক ও অ্যাসিড বোঝাই একটি কাভার্ড ভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বন্দর থানাধীন মালিবাগ এলাকায় ঢাকা অভিমুখী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। খবর পাওয়ার পরপরই সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এবং ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

ঘটনাটি নিশ্চিত করে সোনারগাঁ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ জাহেদ চৌধুরী মুক্তকণ্ঠকে বলেন, “কাভার্ড ভ্যানটির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন ইঞ্জিনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ফলে ভেতরে থাকা কেমিক্যাল বা অ্যাসিডে ড্রামে আগুন লাগেনি। তবে ড্রাম গুলো খালি নাকি ভরা ছিলো সে বিষয় আমরা শিউর না, গাড়ির চালক ও হেলপার নিরাপদে আছেন।”

প্রাপ্ত তথ্যানুযায়ী, কাভার্ড ভ্যানটিতে করে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী যাত্রামুড়ায় অবস্থিত ওয়াটা কেমিক্যালসের উদ্দেশ্যে রাসায়নিকের ড্রামগুলো নিয়ে যাওয়া হচ্ছিল। এসব রাসায়নিক দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরে পড়ে ছিল। পরবর্তীতে ধ্বংস করার উদ্দেশ্যে বিশেষ নিরাপত্তাব্যবস্থার মাধ্যমে সেগুলো নারায়ণগঞ্জে স্থানান্তর করা হচ্ছিল। অগ্নিকাণ্ডের পর কাভার্ড ভ্যানটিকে হাইওয়ে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।