ক্রিশ্চিয়ানো রোনালদো এবং কোচ জর্জে জেসুসের মধ্যকার দ্বন্দ্বের কারণে পর্তুগালের জাতীয় দলের খেলোয়াড়দের মধ্যে বিভাজন তৈরি হয়েছে—এমন গুঞ্জন পুরোপুরি নাকচ করে দিয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। ম্যানচেস্টার ইউনাইটেডের এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি এই বিষয়ে রোনালদোর সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে দেশের সাধারণ মানুষকেও অনুরোধ করেছেন যেন তারা কোনো নির্দিষ্ট পক্ষ নিয়ে বিভক্ত না হন।

শনিবার পোর্তোয় নরওয়ের বিপক্ষে নেশনস লিগের ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্রুনো স্পষ্টভাবে বলেন, ‘জাতীয় দলে কোনো বিভক্তি নেই। দল একটাই, একটাই থাকবে।’ তার দাবি, বাইরের আলোচনা বা বিতর্ক দলের অভ্যন্তরীণ ঐক্য নষ্ট করতে পারবে না।

ব্রুনো আরও জানান, তিনি রোনালদোকে আশ্বস্ত করেছেন যে পরিস্থিতি যাই হোক না কেন, তিনি পর্তুগালের জাতীয় দল, দেশের ফুটবল এবং পর্তুগালের সবচেয়ে বড় প্রতীক হিসেবেই গণ্য হবেন। রোনালদোর বিশ্বজুড়ে অর্জিত সাফল্যই তাকে এই অনন্য মর্যাদা দিয়েছে বলে মনে করেন ব্রুনো। তার মতে, সর্বকালের সেরা ফুটবলারদের তালিকায় জায়গা পাওয়ার পাশাপাশি পর্তুগিজদের হৃদয়েও রোনালদোর বিশেষ স্থান রয়েছে।

কোচ ও তার অধিনায়কের এই বিরোধের সঙ্গে অন্য খেলোয়াড়দের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ব্রুনো। তিনি মনে করেন, খেলোয়াড়দের প্রধান লক্ষ্য হওয়া উচিত মাঠে সর্বোচ্চ পারফরম্যান্স করে ফল এনে দেওয়া। দলের অভ্যন্তরীণ সমস্যাগুলো নিজেদের মধ্যেই সমাধান করে নেওয়া উচিত। এই পুরো বিষয়টি যেন সুন্দরভাবে শেষ হয়, সেটাই তার প্রত্যাশা। পাশাপাশি দেশের মানুষের প্রতি সব পক্ষের সম্মান বজায় রাখার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার কোপেনহেগেনে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে যান ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। ইনস্টাগ্রামে এক বার্তায় তিনি জানান, কোচ জেসুসের সংবাদ সম্মেলন এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েন্সার সঙ্গে আলোচনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ক্যাম্প ছাড়ার প্রকৃত কারণ তিনি পরে জানাবেন বলে ঘোষণা দেন পর্তুগাল অধিনায়ক।

রোনালদোর অনুপস্থিতিতেই পরদিন ডেনমার্কের বিপক্ষে ৪-২ গোলে জয়লাভ করে পর্তুগাল। ওই ম্যাচে দলের নেতৃত্ব দিয়েছিলেন ব্রুনো ফার্নান্দেজ।

একই সংবাদ সম্মেলনে রোনালদোর সঙ্গে সমঝোতার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে জেসুস জানান, বর্তমানে তার সম্পূর্ণ মনোযোগ নরওয়ে ম্যাচের দিকে। রোনালদোকে জাতীয় দল ও দেশের প্রতীক হিসেবে স্বীকৃতি দিয়ে কোচ বলেন, ম্যাচের পর এই বিষয়ে কথা বলার সুযোগ হবে। তবে একই বিষয়ে বারবার প্রশ্ন আসায় দলের সংবাদমাধ্যম বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, কোচ এই প্রসঙ্গে পরবর্তীতে কথা বলবেন।

নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল তাদের প্রথম তিন ম্যাচে সবকটিতেই জয়লাভ করে নয় পয়েন্ট সংগ্রহ করেছে, যার ফলে তারা ‘এ’ লিগের ৪ নম্বর গ্রুপের শীর্ষে অবস্থান করছে। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে নরওয়ে। রোববার পোর্তোয়ায় এই দুই দলের মধ্যকার লড়াই অনুষ্ঠিত হবে।