ফেনী সদর উপজেলার ফতেহপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারানো একটি বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোহাম্মদ আলমগীর (৪৬) নামের এক স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সদস্য নিহত হয়েছেন। তিনি সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘাতক ট্রাকের চালকও আহত হয়েছেন।
শনিবার (৪ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ফতেহপুর স্টার লাইন ফিলিং স্টেশনের ১০০ গজ সামনে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া থানার শান্তিবাগ গ্রামে। তার বাবার নাম মৃত নুরুদ্দীন আহমেদ। অন্যদিকে, আহত ট্রাকচালক মো. সজিব রিশাল জেলার বাকেরগঞ্জ থানার শ্যামপুর এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় ফতেহপুর এলাকায় র্যাব-৭-এর একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। তল্লাশি চলাকালীন একটি কাভার্ডভ্যানকে থামার সংকেত দেওয়া হলে গাড়িটি থেমে যায়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক সিগন্যাল অমান্য করে ওই কাভার্ডভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পর ট্রাকটির চালক স্টিয়ারিং ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। সেই সময় সড়কের বাম পাশে ডিউটিরত র্যাব সদস্য ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আলমগীরকে ট্রাকটি সজোরে ধাক্কা দেয়। এতে আলমগীর গুরুতর আহত হন এবং ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়, যার ফলে চালক মো. সজিবও আহত হন। পরবর্তীতে টহলরত র্যাব সদস্য ও সহকর্মীরা আহত দুজনকে উদ্ধার করে দ্রুত ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক র্যাব সদস্য মোহাম্মদ আলমগীরকে মৃত ঘোষণা করেন।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নোমান বলেন, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”
বিষয়টি নিশ্চিত করে ফেনী এসআরবি-৭ এর অধিনায়ক মিজানুর রহমান জানান, “বিষয়টি অত্যান্ত বেদনাদায়ক। আমাদের নিহত এসআরবির ওয়ারেন্ট অফিসারের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আমাদের চট্রগ্রাম হেড অফিসে ওনারা নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এসআরবি মহাপরিচালক সেখানে অংশ নিবেন।”