জনস্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১১ জন পুলিশ পরিদর্শককে (নিরস্ত্র) দেশের বিভিন্ন রেঞ্জ ও ইউনিটে বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই বদলির কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন অ্যাডিশনাল আইজিপি (অ্যাডমিন) এ কে এম আওলাদ হোসেন।

বদলির তালিকায় থাকা নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের মধ্যে মো. মহিদুল ইসলামকে সিলেট রেঞ্জে (সিলেট রেঞ্জ অফিসে সংযুক্তি বহালসহ) এবং সিরাজুল ইসলাম খানকে চট্টগ্রাম রেঞ্জে পাঠানো হয়েছে। এছাড়া তোফায়েল আহমেদ ও মো. হাফিজুর রহমানকে রংপুর রেঞ্জে, মো. মেহেদী হাসান ও মো. নজরুল ইসলামকে এপিবিএনে এবং ঠাকুর দাস মালোকে নৌ-পুলিশে বদলি করা হয়েছে।

একই আদেশে নিরস্ত্র পুলিশ পরিদর্শক এস কে খোদা নেওয়াজকে ট্যুরিস্ট পুলিশে, মো. ইয়ামিন কবীরকে চট্টগ্রাম রেঞ্জে, মো. আলমগীর সিদ্দিককে বরিশাল রেঞ্জে এবং মো. নূর আলমকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ৮ অক্টোবর থেকে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বা স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।