দেশের ১৩টি জেলায় স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) পদে ১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। সোমবার (১৯ অক্টোবর) এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ময়মনসিংহে এ এস এম মোসা, গোপালগঞ্জে মো. আরিফুল ইসলাম, পাবনায় মো. পুবন আখতার, নড়াইলে পলক কুমার মণ্ডল, মেহেরপুরে তুষার আহমেদ, খুলনায় মো. নবীরুল ইসলাম, বাগেরহাটে সামছুদ্দিন মুন্না, ভোলায় শেখ আব্দুল্লাহ সাদীদ, রংপুরে মিল্টন চন্দ্র রায়, নীলফামারীতে মো. আব্দুল হালিম, কুড়িগ্রামে মো. নাজমুল হাসিব রেজা, গাইবান্ধায় মো. সোলেমান আলী এবং পঞ্চগড়ে মো. সানওয়ার হোসেনকে নতুন করে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও নির্দেশ দেওয়া হয়েছে যে, পদায়ন করা এই কর্মকর্তাদের আগামী ২৯ অক্টোবরের মধ্যে তাদের নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। যদি তারা নির্ধারিত সময়ের মধ্যে যোগ না দেন, তবে ওই দিন অপরাহ্ণে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হয়েছেন বলে গণ্য করা হবে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।