ন্যাশনাল ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ আবু জাফর। গত ২০ সেপ্টেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্বভার গ্রহণ করেন। ব্যাংক কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

ব্যাংকিং খাতের দীর্ঘ ৩৬ বছরের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ আবু জাফরের। ন্যাশনাল ব্যাংকে যোগদানের আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।

মোহাম্মদ আবু জাফর ১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে তাঁর পেশাগত জীবন শুরু করেন। ব্যাংকের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনে ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতের অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসহ ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানানো হয়েছে, তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।