শাখা পরিচালনায় জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসবিএসি ব্যাংক পিএলসি (সাউথবাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক)। প্রতিষ্ঠানটিতে ‘ব্রাঞ্চ ম্যানেজার’ পদে স্থায়ী ফুলটাইম কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীর জ্যেষ্ঠতা অনুযায়ী ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ থেকে ‘এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট’ পদমর্যাদায় নিয়োগ দেওয়া হতে পারে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ১৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
আবেদন করতে হলে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে শিক্ষাজীবনের কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না। সিএ, সিএমএ, এসিসিএ, সিএফএ, এমপিএ, এমপিএফ, এমপিবি অথবা এমবিএম কোর্স সম্পন্ন করা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতার ক্ষেত্রে যেকোনো স্বনামধন্য ব্যাংকে কর্মকর্তা হিসেবে ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক। যারা এমটিও বা প্রবেশনারি অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন, তারা অগ্রাধিকার পাবেন। বয়সসীমা ১৮ অক্টোবর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৫৫ বছর। এছাড়া শাখা পরিচালনা, ব্যাংকিং অপারেশনস, ক্রেডিট ম্যানেজমেন্ট, বৈদেশিক বাণিজ্য ও ব্যবসায়িক উন্নয়নে বাস্তব অভিজ্ঞতা এবং চমৎকার যোগাযোগ দক্ষতার প্রয়োজন হবে। উল্লেখ্য, যাদের ক্যারিয়ারে বিরতি রয়েছে, তারা এই পদের জন্য আবেদন করতে পারবেন না।
নির্বাচিত প্রার্থীদের প্রধান দায়িত্ব হবে শাখার পোর্টফোলিও পরিচালনা এবং ব্যাংকের নির্ধারিত ব্যবসার লক্ষ্যমাত্রা অর্জন করা। উচ্চপদস্থ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও আমানত-ঋণের প্রবৃদ্ধি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সেলস টিম পরিচালনা, নতুন গ্রাহক সংগ্রহ এবং অ্যান্টি-মানি লন্ডারিং (AML) নির্দেশিকাসহ সব ধরনের রেগুলেটরি কমপ্লায়েন্স ও অভ্যন্তরীণ তদারকি কঠোরভাবে পরিপালন করতে হবে। দক্ষ টিম গঠনের মাধ্যমে শাখা কর্মীদের লক্ষ্য অর্জনে সহায়তা করাও হবে এই পদের অন্যতম দায়িত্ব।
আগ্রহী প্রার্থীরা বিস্তারিত তথ্যের জন্য নির্ধারিত লিংকে প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৮ অক্টোবর ২০২৬।