দেশের পর্যটন খাতের সামগ্রিক উন্নয়নে বিশেষ অবদান রাখা ১৬ জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও উদ্যোগকে আজ শনিবার প্রদান করা হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এই সম্মাননা প্রদান করা হচ্ছে।

পর্যটন শিল্পের টেকসই উন্নয়ন, সেবার মান বৃদ্ধি, উদ্ভাবন, ডিজিটাল পর্যটনের প্রসার, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যেই এই পুরস্কারের আয়োজন। ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে প্রাপ্ত মনোনয়নগুলো পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করে একটি জুরিবোর্ড বিজয়ীদের চূড়ান্ত তালিকা নির্ধারণ করেছে।

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত একটি আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ বেলা আড়াইটায় রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

পুরস্কারপ্রাপ্তদের তালিকায় বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে নির্বাচিত হয়েছে শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন। হোটেল খাতের মধ্যে পাঁচ তারকা ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, চার তারকা ক্যাটাগরিতে হোটেল আগ্রাবাদ এবং তিন তারকা ক্যাটাগরিতে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি।

ট্যুর অপারেটরদের মধ্যে ইনবাউন্ড ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড এবং ডোমেস্টিক ক্যাটাগরিতে শেয়ারট্রিপ লিমিটেড। বিনোদন পার্ক হিসেবে নির্বাচিত হয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স।

ব্যক্তিগত পর্যায়ে বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের মেহেদী হাসান এবং বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা হিসেবে পুরস্কার পাচ্ছেন নুরানী শারমিন আফরোজ। এছাড়া বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন) এবং বর্ষসেরা ট্যুর গাইড হিসেবে পুরস্কার পাচ্ছেন মো. সারোয়ার জাহান।

অন্যান্য ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস (বর্ষসেরা হোমস্টে), বিডি টিকেটস (বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ), এমভি মালঙ্গী (বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল) এবং সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড (বর্ষসেরা মাইস উদ্যোগ)। পর্যটন সাংবাদিকতার জন্য পুরস্কার পাচ্ছেন মো. নাঈম উল ইসলাম।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, "পর্যটন খাতের সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করা এবং এ খাতে উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই পুরস্কারটি দেওয়া হচ্ছে।"