পাহাড়ি জেলা রাঙামাটিতে তীব্র জ্বালানি সংকটের কারণে যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ার উপক্রম হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে শহরের চারটি এলপিজি ফিলিং স্টেশনের মধ্যে মাত্র একটিতে সীমিত পরিসরে গ্যাস সরবরাহ করা হচ্ছে।
সরেজমিন পরিদর্শনে দেখা যায়, চারটি ফিলিং স্টেশনের মধ্যে তিনটিতেই গ্যাস নেই। ফলে একটি স্টেশনে সিএনজি ও অটোরিকশার দীর্ঘ সারি লেগেছে। গ্যাস নিতে আসা সিএনজির লাইন এক কিলোমিটার ছাড়িয়েছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত গ্যাস মিলছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন পরিবহন চালকরা।
সিএনজি চালক মো. মোবারক হোসেন বলেন, "রাঙামাটি শহরের পাম্পগুলোতে গত কয়েক দিন ধরেই এলপিজির তীব্র সংকট চলছে। সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, গ্যাস পাব কি না, তাও জানি না।"
আরেক চালক মো. নাছির উদ্দিন বলেন, "প্রয়োজনের তুলনায় সরবরাহ অনেক কম। গ্যাস নিতেই বেলা শেষ হয়ে যাচ্ছে। দ্রুত এই জ্বালানি সংকট নিরসনে সরকারের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন তিনি।"
মেসার্স হিল ভিউ ফিলিং স্টেশনের ম্যানেজার মো. মহসিন বলেন, "দুই হাজার লিটার এলপিজি পাওয়া গেছে। সেখান থেকে প্রতিটি গাড়িকে ৩০০ টাকার গ্যাস দেওয়া হচ্ছে। যেহেতু তাদের কাছে সরবরাহ কম, তাই বাধ্য হয়ে পরিমাণও কমিয়ে দিতে হচ্ছে।"