খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির তথ্যবিষয়ক সম্পাদক এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, বাংলাদেশ কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থের পরীক্ষাগার নয়। তিনি বলেন, ষড়যন্ত্র ও অরাজকতা সৃষ্টি করে জনগণের ম্যান্ডেটকে পরাজিত করা যাবে না। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার এ দেশের জনগণের।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে খুলনা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আয়োজিত মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আজিজুল বারী হেলাল আরও বলেন, কোনো ষড়যন্ত্র, অরাজকতা কিংবা অপচেষ্টার মাধ্যমে দেশের জনগণের ম্যান্ডেটকে পরাজিত করা যাবে না। কোনো মাফিয়া, ষড়যন্ত্রকারী কিংবা বিদেশি স্বার্থ বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাকে থামিয়ে দিতে পারবে না।
বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা ও অধিকারকে সামনে রেখে তাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সংগঠনকে শক্তিশালী করার পাশাপাশি জনগণের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় যুবদলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
নবগঠিত খুলনা জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে হেলাল বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনে আরও গতিশীলতা আসবে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে মানুষের পাশে দাঁড়াতে হবে।
এর আগে খুলনা জেলা যুবদলের উদ্যোগে নগরীর নতুন রেলস্টেশনের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
খুলনা জেলা যুবদলের সভাপতি শেখ নাদিমুজ্জামান জনির সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু এবং খুলনা জেলা পরিষদের প্রশাসক ও খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্যসচিব এস এম মনিরুল হাসান বাপ্পী। এ ছাড়া নবগঠিত জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি জাবির আলী, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক গাজী শহীদুল ইসলামসহ জেলা বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।