গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ লড়াইয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন প্রয়াত খালেদা জিয়ার যে অনন্য অবদান রয়েছে, তা দেশের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন বিএনপির সংসদ সদস্য একরামুল বারী।
আজ সোমবার জাতীয় সংসদের অধিবেশনে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের আলোচনার সময় একরামুল বারী এই দাবি উত্থাপন করেন।
সংসদ সদস্য একরামুল বারী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, ১৯৮২ সালে স্বৈরশাসক এইচ এম এরশাদ যখন দেশের গণতন্ত্র হরণ করেন, তখন থেকে দীর্ঘ ৯ বছর ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন খালেদা জিয়া। তিনি আরও বলেন, পরবর্তী সময়েও দেশে যখনই গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হয়েছে বা গণতন্ত্র হোঁচট খেয়েছে, তখনই তা পুনরুদ্ধারে খালেদা জিয়া দায়িত্ব নিয়ে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন।
একরামুল বারী আরও বলেন, “খালেদা জিয়া দীর্ঘ ১৭ বছর ফ্যাসিবাদী ও স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। ছয় বছর জেল-জুলুম, অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন। বিনা চিকিৎসায় কারারুদ্ধ থেকেও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।”
প্রয়াত বিএনপি নেত্রীর এই ত্যাগ ও অবদান আগামী প্রজন্মের সামনে এবং পুরো জাতির সামনে যথাযথভাবে তুলে ধরার জন্য পাঠ্যপুস্তকে তা অন্তর্ভুক্ত করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন এই সংসদ সদস্য। আলোচনার শেষ পর্যায়ে তিনি এই বিষয়ে শিক্ষামন্ত্রীর বিশেষ মনোযোগ আকর্ষণ করেন।