ঠাকুরগাঁও সদর উপজেলার এক সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে উত্তম রায় (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২ অক্টোবর) আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে ভুক্তভোগী কিশোরীর পিতার দায়ের করা মামলায় উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার কদু বর্মণের ছেলে এবং দুই সন্তানের জনক।
মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিদ্যালয়ের ওই কিশোরীর বাবা জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। মা ও ভাই বাইরে কাজে গেলে অভিযুক্ত উত্তম রায় কিশোরীকে বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন। চলতি বছরের ৩০ জানুয়ারি দুপুরে বাড়ির কাছের ভুট্টাক্ষেতে কাজ করার সময় ধারালো অস্ত্রের মুখে কিশোরীকে জিম্মি করে ধর্ষণ করেন উত্তম রায়। এরপর ১৬ ফেব্রুয়ারি সকালে পাশের একটি পাটক্ষেতে নিয়ে তাকে পুনরায় ধর্ষণ করা হয়। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় আতঙ্কে বিষয়টি কাউকে জানাননি কিশোরী।
সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন লক্ষ্য করে স্বজনরা সন্দেহ হলে তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক জানান, কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা। স্বজনদের জিজ্ঞাসাবাদের মুখে কিশোরী বিস্তারিত জানালে তার বাবা থানায় লিখিত অভিযোগ করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, "অভিযোগ পাওয়ার পরপরই মামলা হিসেবে নথিভুক্ত করে অভিযুক্ত উত্তম রায়কে গ্রেপ্তার করা হয়। আজ আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষা ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।"