বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে। তিনি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ, গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের মাদানী চত্বরে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন ও গণভোটের প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, "১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে জনগণ যে রায় দিয়েছে, সরকারকে তার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার পূরণ করতে হবে।" একই সাথে তিনি উল্লেখ করেন, "জনগণের গণরায় বাস্তবায়নে সরকার ছয় মাস বিলম্ব করলেও বাংলাদেশ খেলাফত মজলিস রাজপথে নামতে ছয় মাস সময় নিয়েছে।"
একই নির্বাচন কমিশনের অধীনে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় একটি ভোটের ফল বৈধ হলে অন্যটিকে অবৈধ বলার সুযোগ নেই—উল্লেখ করে তিনি সংবিধান সংশোধনের ক্ষেত্রে সাময়িক পরিবর্তনের চেয়ে স্থায়ী সংস্কারের পক্ষপাতী। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সরকার যেন সহজে সংবিধানের গুরুত্বপূর্ণ বিষয়গুলো পরিবর্তন করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সংস্কার স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা রক্ষার কথা তুলে ধরে তিনি বলেন, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে জনগণের প্রতি জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা যাবে না বলেও তিনি স্পষ্ট করেন।
অর্থনৈতিক সংকট ও মূল্যবৃদ্ধি নিয়ে তিনি বলেন, "গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের প্রয়োজনীয় নাগরিক সেবাগুলোকে সিন্ডিকেটের কবল থেকে মুক্ত করতে হবে। জনগণের এসব সংকট সমাধানে সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।"
রাড্ডা-কাণ্ড নিয়ে মামুনুল হক স্পষ্ট ইঙ্গিত দেন, "সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারি প্রসঙ্গে তিনি বলেন, রাড্ডা-কাণ্ডের দায় শুধু একজন নারী সংসদ সদস্যের ওপর নয়; এই রাড্ডা-কাণ্ডের সব দায় প্রধানমন্ত্রীকে নিতে হবে।" এছাড়া তিনি প্রধানমন্ত্রীকে নিজ দলের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করার আহ্বান জানান।
সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস সিদ্ধিরগঞ্জ থানা শাখার সভাপতি মাওলানা কারী হাসমত আলী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা মাহবুবুল হক, মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মামুনুর রশীদ, খন্দকার আনোয়ার হুসাইন, ডা. আল আমিন রাকীব প্রমুখ।