বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে উদ্ভূত সমস্যা সমাধানের আশ্বাস পাওয়ায় হবিগঞ্জে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত বাস ধর্মঘট সোমবার (৫ অক্টোবর) পর্যন্ত স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মোটর মালিক গ্রুপের নেতাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির তরফ থেকে সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পাওয়ায় আপাতত আগামী সোমবার পর্যন্ত ধর্মঘট স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আবু মইন চৌধুরী সোহেল আরও বলেন, রোববার দুপুর দুইটায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মোটর মালিক সমিতির নেতাদের মধ্যে একটি বৈঠক হবে। এই বৈঠকে দুই জেলার পরিবহন মালিকদের ঝামেলা নিয়ে আলোচনা করে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ অনির্দিষ্টকালের বাস ধর্মঘট শুরু করে। এর ফলে হবিগঞ্জ থেকে বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ব্যাপক দুর্ভোগে পড়তে হয়।
সাধারণ সম্পাদক আবু মইন চৌধুরী সোহেল বলেন, রোববারের বৈঠকে সমস্যার সমাধান হলে ধর্মঘট প্রত্যাহার করা হবে। অন্যথায় পরবর্তীতে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।