জরুরি রক্ষণাবেক্ষণ ও বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে রংপুর জেলার বেশ কয়েকটি এলাকায় আগামী শুক্রবার (২ অক্টোবর) টানা নয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে বৃহস্পতিবার (১ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বৈদ্যুতিক লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণকাজের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা নেসকো রংপুরের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর আওতাধীন ১১ কেভি সার্কিট হাউস ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ থাকবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো কর্তৃপক্ষ।