রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় শনিবার (১৯ সেপ্টেম্বর) টানা সাড়ে ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছপালার শাখা-প্রশাখা কর্তনের জন্য জরুরি রক্ষণাবেক্ষণ কাজ চালানো হবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তালাইমারী, মতিহার, ধরমপুর, ফুলতলা, সোরাফানের মোড়, ধরমপুর, কাজলা, বিনোদপুর, মির্জাপুর, মকবুল হাওলাদারের মোড়, মাছোপাড়া, বেলদারপাড়া, ঢাকা বাস স্ট্যান্ড, বটতলা ও তৎসংলগ্ন এলাকায় বিদ্যুৎ থাকবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে নেসকো রাজশাহী কর্তৃপক্ষ।