দিনাজপুর ও ঠাকুরগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে দুষ্প্রাপ্য কষ্টি, বেলে ও শ্বেত পাথরের খণ্ড ও মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা এসব প্রত্নসম্পদের আনুমানিক মূল্য এক কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় এক বিজ্ঞপ্তিতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান এই তথ্য জানান।

বিজিবি সূত্র জানায়, বুধবার রাত ২টা ১৫ মিনিটে দিনাজপুরের সেতাবগঞ্জ উপজেলার তেনাপাড়া এলাকায় একটি যৌথ দল অভিযান চালায়। এ সময় ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি দুষ্প্রাপ্য কষ্টি পাথরের খণ্ড উদ্ধার করা হয়। এরপর ভোর ৪টা ৩০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চান্দোহর এলাকায় আরেক অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে ৮৭ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বেলে পাথরের খণ্ড, ৩০ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি শ্বেত পাথরের খণ্ড, ৩৫ কেজি ৬০০ গ্রাম ওজনের কষ্টি পাথরের খণ্ড, ১৬ কেজি ৮০০ গ্রামের কষ্টি পাথরের মূর্তি এবং ১৮ কেজি ৬০০ গ্রাম ওজনের আরেকটি কষ্টি পাথরের খণ্ড উদ্ধার করা হয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্ধার করা পাথরের খণ্ড ও মূর্তি পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন।

এ বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, "দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা ও প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ়ভাবে কাজ করে যাবে।"