যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই)-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। এই তালিকায় বিশ্বের সেরা ১০০০ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ৩টি বেসরকারি ও ১টি পাবলিক বিশ্ববিদ্যালয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই–এর ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।
এবারের র্যাঙ্কিংয়ে মোট ২৫টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের তালিকায় ৫টি পাবলিক এবং ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া র্যাঙ্কিংয়ের বাইরে থাকা ১০টি প্রতিষ্ঠানসহ মোট ৩৫টি বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের নাম এসেছে এই তালিকায়।
বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়ের পারফরম্যান্স মূল্যায়ন করে এই তালিকা তৈরি করা হয়েছে। মূলত শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর সংখ্যার মতো কয়েকটি সূচকের ভিত্তিতে এই মূল্যায়ন করা হয়। এছাড়া গবেষণা পরিবেশ, গবেষণা শ্রেষ্ঠত্ব, ইন্ডাস্ট্রি সংযুক্তি ও আন্তর্জাতিক সম্ভাবনার মতো পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারফরম্যান্স যাচাই করে টাইমস হায়ার এডুকেশন এই র্যাঙ্কিং প্রকাশ করে থাকে।
তালিকায় ৮০১ থেকে ১০০০ র্যাঙ্কের মধ্যে যৌথভাবে অবস্থান করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
১০০১ থেকে ১২০০ র্যাঙ্কের মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), ব্র্যাক ইউনিভার্সিটি (ব্র্যাক), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি), ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।
১২০১ থেকে ১৪০০ র্যাঙ্কে বর্ণমালার ক্রমানুসারে যৌথভাবে স্থান পেয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ও ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।
১৪০১ থেকে ১৬০০ র্যাঙ্কে যৌথভাবে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।
১৮০১-২০০০ র্যাঙ্কে অবস্থান করছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি (ইডব্লিউইউ) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)।
অন্যদিকে, র্যাঙ্কিংয়ে অংশ নিলেও মূল র্যাঙ্ক অর্জনের প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় তালিকায় স্থান পায়নি ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু), এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ (জিইউবি), স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)।