দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছিল, এবার তা আনুষ্ঠিক রূপ নিল। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষণা করেছে, সরোয়ার ইমরানের স্থলে বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে ডেভিড হেম্পকে নিয়োগ দেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য দ্বিপক্ষীয় সিরিজ থেকেই হেম্পের দায়িত্ব শুরু হবে। তিনি ব্রিসবেনে দলের সাথে যোগ দেবেন। ৫৫ বছর বয়সী এই বারমুডান কোচের সাথে দুই বছরের চুক্তি করা হয়েছে, যা ২০২৮ সালের সেপ্টেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর অক্টোবর পর্যন্ত সরোয়ার ইমরানের সাথে বিসিবির চুক্তি ছিল। তবে সাম্প্রতিক সময়ে এশিয়া কাপ ও এশিয়ান গেমসে দলের ব্যর্থতার পর তাঁকে আর প্রধান কোচের দায়িত্বে না রাখার বিষয়ে আলোচনা শোনা যাচ্ছিল। এখন সেই খবরটি সত্যি হলো।

প্রধান কোচের পদে আসীন হওয়ার আগেও হেম্পের নারী দলের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব এবং এই বছরের শুরুতে নেপালে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সময় নিগার সুলতানাদের ব্যাটিং কোচ ছিলেন তিনি।

এ ছাড়াও ২০২০ সাল থেকে দুই বছর পাকিস্তান নারী দলের প্রধান কোচ ছিলেন হেম্প। অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়া নারী দল এবং ওমেন্স বিগব্যাশের মেলবোর্ন স্টারসের কোচও ছিলেন তিনি। ২০২৩ সালের মে মাসে বাংলাদেশ হাই পারফরম্যান্স প্রোগ্রামের প্রধান কোচ করা হয় ডেভিড হেম্পকে। এরপর পরের বছর ছেলেদের জাতীয় দলের ব্যাটিং কোচও হয়েছিলেন তিনি।