টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে আগে ব্যাট করতে পাঠিয়েছেন তিনিই। এরপর ক্যারিবীয়রা যখন নিজেদের ইতিহাস–সর্বোচ্চ ৪০৫ রান তুলে ফেলল, তখন কি কিছুটা হলেও অস্বস্তিতে ভুগেছেন শুবমান গিল?
যদি ভুগেও থাকেন, তবে তা সাময়িকই। পরে ভারতের জন্য রান তাড়ার কাজটা ‘হাতের মোয়া’ও করে তুলেছেন ভারত অধিনায়কই। আর সেটি একাধিক বিশ্ব রেকর্ড গড়ে।
গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের রান তাড়ায় গিল একাই করেছেন ২২৩* রান।
ভারতীয় অধিনায়ক ২০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ১১৭ বলে। দ্রুততম ডাবল সেঞ্চুরির নতুন বিশ্ব রেকর্ড এটি। পেছনে ফেলেছেন ২০২২ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে ঈশান কিষাণের ১২৬ বলে ডাবল সেঞ্চুরির কীর্তি।
দ্রুততম ডাবল সেঞ্চুরির দিনে আরও কিছু রেকর্ডে নাম লিখিয়েছেন গিল। ২২৩ রানের অপরাজিত ইনিংসটি ওয়ানডেতে রান তাড়ায় সর্বোচ্চ। ভেঙেছেন ২০২৩ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের রেকর্ড।
এ ছাড়া ওয়ানডেতে একাধিক ডাবল সেঞ্চুরি করা মাত্র দ্বিতীয় ব্যাটসম্যানও হয়েছেন গিল। অপরজন রোহিত শর্মা (৩টি)।
এই রোহিতকে নিয়েই আজ ক্যারিবীয়দের বিপক্ষে রান তাড়ায় নামেন গিল। উদ্বোধনী জুটিতে এ দুজনই ২৬.২ ওভারে ২৫৫ রান তুলে ফেলেন। রোহিত ৭৫ বলে ১০১ রান করে ফিরে যাওয়ার পর ভারতকে বাকি পথটা একাই টেনে নেন গিল।