গুয়াহাটিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ইতিহাস গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। শাই হোপের দল ৫০ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তুলেছে, যা তাদের ওয়ানডে ইতিহাসে প্রথম ৪০০ রানের ইনিংস। টসে হেরে ব্যাট করতে নামা ক্যারিবীয়রা ওয়ানডেতে ৪০০ রান স্পর্শ করা অষ্টম দল হিসেবে নাম লিখিয়েছে।

এর আগে ওয়ানডেতে ৪০০ রানের ইনিংস দেখা গেছে মোট ৩১ বার। আজকের ইনিংসটি ছিল ৩২তম। এর মধ্যে সবচেয়ে বেশি ৮টি করে ৪০০ রানের ইনিংস রয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকার। ইংল্যান্ডের ৭টি, যার মধ্যে সর্বোচ্চ তিনটি ইনিংসই তাদের—৪৯৮, ৪৮১ ও ৪৪৪। প্রথমবার ৪০০ রানের মাইলফলক স্পর্শ করা অস্ট্রেলিয়ার ৪০০ রানের ইনিংস এখন ৩টি। শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের ২টি করে, আর জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের ১টি করে।

ওয়ানডে ইতিহাসে প্রথম ৪০০ রানের ইনিংসটি এসেছিল ২০০৬ সালের মার্চে। জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৪ রান তুলেছিল অস্ট্রেলিয়া। জবাবে প্রোটিয়ারাও ৪০০ পেরিয়ে যায় এবং ইতিহাস গড়ে ম্যাচ জিতে নেয়, যা এখন পর্যন্ত ওয়ানডেতে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড।

আইসিসির পূর্ণ সদস্যদের মধ্যে ৪০০ রানের ইনিংস নেই কেবল বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। এর মধ্যে ৪০০-এর খুব কাছাকাছি গেছে পাকিস্তান। ২০১৮ সালে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে ১ উইকেটে ৩৯৯ রান তুলেছিল সরফরাজ আহমেদের দল। ইনিংসের শেষ ২ বলে সিঙ্গেলে আটকে না থাকলে ৪০০ ছুঁয়ে ফেলত তারা।

বাংলাদেশের ওয়ানডে সর্বোচ্চ ইনিংস ৩৪৯ রান, যা ২০২৩ সালে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে করেছিল। আফগানিস্তানের সর্বোচ্চ গত মাসে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ৩৪৩/৯। আর আয়ারল্যান্ডের সর্বোচ্চ ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে রান তাড়ায় ৩৫৯/৯।

গুয়াহাটিতে ওয়েস্ট ইন্ডিজ প্রথমবার ৪০০ স্পর্শ করলেও বল হাতে স্বস্তিতে নেই। গতকাল রাতে প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভারে বিনা উইকেটে ২৫০ রান তুলে ফেলেছিল ভারত।