চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার দুর্গম চরাঞ্চলে একটি বসতবাড়ির মাটির নিচে লুকিয়ে রাখা ১৫ থেকে ২০টি ককটেল একযোগে বিস্ফোরিত হওয়ার ঘটনায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এতে বাড়ির মালিক ইয়াহিসা, তার স্ত্রীসহ আরও তিনজনকে আসামি করা হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পুলিশ বাদী হয়ে এই মামলাটি দায়ের করে। মামলায় ইয়াহিসা ও তার স্ত্রীর নাম উল্লেখ করার পাশাপাশি ২ থেকে ৩ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তবে ঘটনার পর থেকে পরিবারের সব সদস্য আত্মগোপনে থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর মাঠপাড়া কালভার্টসংলগ্ন একটি মাছের দিঘি দখল ও নিয়ন্ত্রণকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে দুপক্ষের মধ্যে তীব্র উত্তেজনা চলছিল। একপক্ষে রয়েছেন ইয়াহিসা, সালাম ও বাবু এবং অপরপক্ষে আবদুস সালাম কালু। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষকে ঘায়েল করা ও এলাকায় আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে ইয়াহিয়ার বসতঘরে এসব ককটেল মজুত করা হয়েছিল।
গত সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নরসিয়া (মুসা মাওলানা পাড়া) গ্রামে ইয়াহিয়ার বাড়ির একটি ঘরের মেঝের নিচে পুঁতে রাখা বিপুল পরিমাণ ককটেল বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের তীব্রতায় ঘরের দেয়াল ধসে পড়ে এবং চালার টিন উড়ে যায়। বিকট বিস্ফোরণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এসময় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, "এ ঘটনায় মামলা করা হয়েছে এবং জড়িত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"