চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে পুলিশের অভিযানে ১১টি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে এলাকাটিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় হেফাজতকালীন একটি ককটেল বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের তথ্য অনুযায়ী, দুপুরে রানীহাটি ইউনিয়নের ঘোড়াস্ট্যান্ড সংলগ্ন জামতলা চৌধুরী মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন খবরের প্রেক্ষিতে থানার একটি দল রামচন্দ্রপুর ডাইলপাড়া গ্রামের মৃত শাজাহানের ছেলে মো. জাহাঙ্গীরের (৫০) পরিত্যক্ত ও নির্মাণাধীন একটি ঘরে ঢোকে। সেখানে মেঝের নিচে মাটি পুঁতে রাখা একটি কালো প্লাস্টিকের বালতি থেকে লাল ও কালো স্কচটেপে পেঁচানো ৫টি (৪টি লাল ও ১টি কালো) অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়।

ককটেলগুলো নিরাপদ স্থানান্তরের সময় দুর্ঘটনাবশত একটি ককটেল বিস্ফোরণ ঘটলেও তাতে কেউ আহত হয়নি। এরপর পুলিশ এলাকাটিতে তল্লাশি জোরদার করে। বিকেল আনুমানিক ৪টার দিকে একই স্থান থেকে আরেকটি লাল রঙের প্লাস্টিকের বালতিতে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় আরও ৭টি (৬টি লাল ও ১টি কালো স্কচটেপ পেঁচানো) ককটেল উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করে বলেন, "উদ্ধার হওয়া ককটেলগুলো নিরাপদে হেফাজতে রাখা হয়েছে। কী উদ্দেশ্যে ককটেলগুলো মজুত করা হয়েছিল তা উদ্‌ঘাটনসহ জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।"

এদিকে, উদ্ধারকৃত ককটেলগুলোর উৎস ও মূল উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।