কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর সাতবিল এলাকায় এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। বুধবার সকাল সোয়া ছটার দিকে মাঠের মধ্যে ইট বিছানো রাস্তার পাশে শিয়ালের টানাটানিতে একটি যুবকের মরদেহ খড়ের নিচ থেকে বেরিয়ে আসে। এতে স্থানীয় কৃষকদের চিৎকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্র জানায়, সকালে মাঠে কাজ করতে যাচ্ছিলেন স্থানীয় কৃষক সানাউল্লাহ। নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় তিনি দেখেন, রাস্তার পাশে খড়ের নিচে লুকানো কিছু একটা নিয়ে কয়েকটি শিয়াল টানাটানি করছে। অস্বাভাবিক দৃশ্য দেখে থমকে দাঁড়ান ওই কৃষক। কাছে গিয়ে দেখেন বস্তুটি কোনো এক যুবকের মরদেহ। পরে তিনি বিষয়টি আশপাশের অন্য কৃষকদের জানান। সানাউল্লাহ চিৎকার দিলে আশপাশের মাঠে থাকা অন্য কৃষকেরা ছুটে আসেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে ঝিনাইদহ থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইমসিন টিমকে তলব করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, "মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো মনে হচ্ছে। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিচয় শনাক্তের জন্য কাজ চলছে। এ জন্য ঝিনাইদহ থেকে সিআইডির ক্রাইমসিন টিম আসছে।"

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন জানান, শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন। পরে তাঁরা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পরিচয় শনাক্তসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।