ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষার প্রসার এবং বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। বিশেষভাবে আরবি ও মালয় ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি ও আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের সুযোগ বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।

এছাড়াও মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ ও যোগ্য মানবসম্পদ তৈরিতে ভাষা শিক্ষার ভূমিকা নিয়ে মতবিনিময় করা হয়। মালয় ও আরবি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে মাদ্রাসার শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং তাদের মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন সুযোগ সৃষ্টির বিষয়েও আলোচনা হয়। ভাষাগত দক্ষতা ও পেশাগত সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের মালয়েশিয়ার শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলার বিষয়েও এতে মতবিনিময় হয়।

বর্তমানে সরকারি সফরে মালয়েশিয়ায় অবস্থানরত ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান মালয়েশিয়ার ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার আমন্ত্রণে সেখানে আছেন। সৌজন্য সাক্ষাৎকালে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি মিস্টার জাহিদুর রহমান উপস্থিত ছিলেন।