নিয়মিত ওষুধ সেবনে ভুল বা বিলম্ব হতে পারে, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে। অনেক পরিবারেই সন্তানরা মা-বাবার ওষুধ খাওয়া নিয়ে চিন্তিত থাকেন। এই সমস্যার সমাধানে এখন ঘরে ব্যবহারের জন্য উপলব্ধ 'অটোমেটিক পিল ডিসপেনসার'। ছোট্ট এই যন্ত্রটি ওষুধ খাওয়ার নির্দিষ্ট সময় আসলে অ্যালার্ম বাজিয়ে বা আলো জ্বালিয়ে মনে করিয়ে দেয়। এমনকি কিছু উন্নত মডেল ওষুধ না খেলে নির্দিষ্ট নম্বরে বার্তা পাঠিয়েও সতর্ক করে।

যন্ত্রটির অভ্যন্তরে একটি গোলাকার ট্রে থাকে, যা বিভিন্ন ভাগে বিভক্ত। রোগীর ওষুধ খাওয়ার সময়সূচি অনুযায়ী প্রতিটি কক্ষে নির্দিষ্ট সময়ে খাওয়ার ওষুধ রাখতে হয়। পরিবারের সদস্য, পরিচর্যাকারী বা ফার্মাসিস্টের সহায়তায় এই সাজানো প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়। ওষুধ সাজানোর পর যন্ত্রে সময় ও অ্যালার্ম সেট করে দিতে হয়। নির্ধারিত সময়ে অ্যালার্ম বাজলে যন্ত্রের ভেতরের ট্রে ঘুরে ওই সময়ের ওষুধ ঢাকনার নির্দিষ্ট খোলা অংশের সামনে চলে আসে।

ব্যবহারকারী যন্ত্রটি কাত করলে নির্ধারিত ওষুধ হাতের তালুতে বা ছোট পাত্রে পড়ে যায়। সাধারণত ওষুধ বের হওয়ার সাথে সাথে অ্যালার্ম বন্ধ হয়ে যায়। এরপর ওষুধ সেবন করে যন্ত্রটি আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয়। যন্ত্রের ঢাকনা লক করা থাকায় নির্ধারিত সময়ের আগে অন্য কোনো ওষুধ নেওয়া যায় না, যা ভুল করে অতিরিক্ত ওষুধ খাওয়ার ঝুঁকি কমিয়ে আনে।

যদি নির্ধারিত সময়ে রোগী ওষুধ না নেন, তবে সেট করা অন্য নম্বরে একটি খুদে বার্তা চলে যায়। এতে সংশ্লিষ্ট ব্যক্তি ফোন করে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দিতে পারেন। বাংলাদেশে বিভিন্ন মেডিক্যাল ইকুইপমেন্ট বিক্রয় প্রতিষ্ঠান এবং অনলাইনে এই যন্ত্র কেনা যায়। ফিচারের ওপর ভিত্তি করে এর দাম ৩ হাজার থেকে ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।