দেশের সকল বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠন এবং দ্রুত অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা জারি করেছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। গতকাল মঙ্গলবার বোর্ড থেকে প্রকাশিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি বিভাগ এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের নির্দেশনার প্রেক্ষিতে ‘মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৫ (সংশোধিত)’ অনুযায়ী এই আদেশ জারি করা হয়েছে।

নির্দেশনায় সভাপতি মনোনয়ন প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট মাদ্রাসার প্রধান স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের সহযোগিতায় শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি বা কর্মরত ও অবসরপ্রাপ্ত ৯ম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মচারীদের মধ্যে থেকে ৩ জনের একটি তালিকা প্রস্তুত করবেন। তবে সিটি করপোরেশন এলাকার অধীনস্থ মাদ্রাসার ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানকে বিভাগীয় কমিশনারের মাধ্যমে এই প্রস্তাব শিক্ষা বোর্ডের নিকট পাঠাতে হবে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া কমিটি পুনর্গঠনের প্রক্রিয়ায় গত ২ আগস্ট ২০২৬ তারিখের নির্দেশনা অপরিবর্তিত থাকবে বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।