‘আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ। আপনি মাটি কাটার কমিশন খান। আপনি যদি মাটি কাটার কমিশন না খেয়ে থাকেন, তাহলে মাটি যেন না কাটে সেটা প্রমাণ করেন।’
কথাগুলো বলছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব আব্দুল্লাহ আল আমিন।
ঘটনাটি মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরের নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার। ধলেশ্বরী নদীতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ নিয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন স্থানীয় বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এ কে এম আমিনুল হককে উদ্দেশ করে কথাগুলো বলেন।
বক্তাবলী এলাকায় গিয়ে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে নদী ও আশপাশে মাটি কাটার অভিযোগ শোনার পর ফোনে নৌ পুলিশের ওই কর্মকর্তার সঙ্গে কথা বলেন তিনি। কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে আমিনুল হক মুক্তকণ্ঠকে বলেন, ‘আমি তাকে (সংসদ সদস্য) বলেছি, আমরা আগেও বাধা দিয়েছি। এখন আমরা কঠিনভাবে বাধা দিচ্ছি এবং তদারকি করছি।’
ছড়িয়ে পড়া ভিডিওতে নৌ পুলিশ কর্মকর্তা আমিনুল হককে উদ্দেশ করে সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিনকে আরও বলতে শোনা যায়, ‘বক্তাবলীর প্রত্যেকটি লোক নদী পারাপারের সময় মাটি কাটা দেখতে পায়, অথচ আপনি দেখতে পান না।’
জবাবে আমিনুল হক মাটি কাটার বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে সংসদ সদস্য বলেন, ‘শেষ পর্যন্ত ঠিক আছে, দেখতে চাই।’
আমিনুল হক মুক্তকণ্ঠকে বলেন, ‘এমপি সাহেব আমাকে ফোন করে নদীতে অবৈধভাবে গ্রাফি চলাচল বন্ধে ব্যবস্থা নিতে বলেছেন। আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। এর মধ্যে নদীতে তদারকি বাড়ানো হয়েছে এবং অবৈধভাবে কোনো গ্রাফি চলাচল করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’