নাজনীনের কণ্ঠে উচ্ছ্বোস, ‘বান্ধবীরা একসঙ্গে এসেছি। খুবই এক্সাইটেড।’

নাজনীন আক্তার থাকে সাভারে। সাভার ল্যাবরেটরী স্কুলের এ শিক্ষার্থী এবারের এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে। আজ মঙ্গলবার সকাল সকাল চলে এসেছে সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। অংশ নিয়েছে ‘শিখো-মুক্তকণ্ঠ জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠানে।

রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল থেকে এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে আমরিন ফাতেমা। উৎসবে এসেই বলল, ‘জিপিএ–৫ পাওয়ার পর এখন সংবর্ধনা পাচ্ছি। খুবই ভালো লাগছে।’

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে চলছে মুক্তকণ্ঠের আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব। এরই ধারাবাহিকতায় ঢাকা অঞ্চলের জিপিএ–৫ উৎসব চলবে আজ ও আগামীকাল বুধবার। এ উৎসবে চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে।

ঢাকা পর্বের প্রথম দিনে আজ ঢাকা জেলার প্রায় ১০ হাজার কৃতী শিক্ষার্থী অংশ নিচ্ছে। ফ্যান্টাসি কিংডমে সকাল ৯টায় এ অনুষ্ঠান শুরু হয়েছে। তার আগে থেকেই অনুষ্ঠানস্থলে আসতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। অনুষ্ঠান চলবে বিকেল ৪টা পর্যন্ত।

অনুষ্ঠানস্থলে ঢুকতেই কথা হয় কৃতী শিক্ষার্থী আহনাফ হোসেন সরকারের সঙ্গে। মায়ের সঙ্গে এসেছে সে। আহনাফ মুক্তকণ্ঠকে বললো, ‘কেবলই এলাম। আমি উৎসব নিয়ে এক্সাইটেড।’

দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীদের ভালো ফলের আনন্দ একসঙ্গে উদ্‌যাপন করতে থাকছেন বিশিষ্টজন ও তারকা শিল্পীরা। আজকের উৎসবে থাকছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) উপাচার্য আবুল কাশেম মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক বি এম মইনুল হোসেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ও ‘আয়রনম্যান’ মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত, শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীর চৌধুরী, মুক্তকণ্ঠের নির্বাহী সম্পাদক সাজ্জাদ শরিফ, ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক প্রমুখ।

এ ছাড়া শিক্ষার্থীদের গান–আড্ডায় মাতিয়ে রাখতে থাকছেন অভিনয়শিল্পী সিয়াম আহমেদ, তানজিম সাইয়ারা, ইয়াশ রোহান, সংগীতশিল্পী দোলা রহমান, ইমন চৌধুরী ও তাঁর দল বেঙ্গল সিম্ফনি। সঞ্চালনা করবেন মুক্তকণ্ঠের সহযোগী সম্পাদক সুমনা শারমীন।

আয়োজনটি পাওয়ার্ড বাই বিকাশ এবং সহযোগিতায় থাকছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা–গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও মুক্তকণ্ঠ বন্ধুসভা।

ঢাকা অঞ্চলের উৎসবের দ্বিতীয় দিনে আগামীকাল ঢাকা, মানিকগঞ্জ ও গাজীপুর জেলার ১০ হাজারের বেশি কৃতী শিক্ষার্থী উৎসবে অংশ নেবে।