মাদারীপুরের আচমত আলী খান স্কুল অ্যান্ড কলেজে পূর্ববিরোধের জেরে এক শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ তাহসিন সিকদার নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে স্কুল প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়।
আটক তাহসিন সিকদার মাদারীপুর পৌর শহরের কলেজ রোড এলাকার আজিজুল সিকদারের ছেলে।
পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার স্কুলে ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শেষে নবম শ্রেণির শিক্ষার্থী মিনহাজের সঙ্গে সপ্তম শ্রেণির শিক্ষার্থী নুর আলমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। পরে শিক্ষকদের হস্তক্ষেপে বিষয়টি মীমাংসা করা হয়।
এ ঘটনায় রোববার স্কুল ছুটির পর বের হওয়ার সময় পূর্ববিরোধের জেরে নুর আলম বহিরাগত কয়েকজনকে সঙ্গে নিয়ে মিনহাজের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় হামলাকারীদের কাছে দেশীয় অস্ত্র ছিল বলেও অভিযোগ করা হয়।
মিনহাজের চিৎকার শুনে স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা এগিয়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাহসিন সিকদারকে দেশীয় অস্ত্রসহ আটক করে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্কুল ও কলেজের ভেতরে কিশোর গ্যাংয়ের সদস্যদের হামলার ঘটনায় একজনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোর গ্যাংসংক্রান্ত মামলায় আদালতে পাঠানো হয়েছে।