হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক নারী যাত্রীর কাছ থেকে প্রায় ২৮ লাখ টাকার ইনসুলিন সিরিঞ্জ উদ্ধার করেছে কর্তৃপক্ষ। এ সময় ওই নারীকে আটক করা হয়। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের ৫ নম্বর হেভি লাগেজ গেটে এই ঘটনা ঘটে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ নারী যাত্রীকে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চীনগামী ওই নারী যাত্রীর গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বে থাকা ইনচার্জ পিসি মো. দুলন মিয়া ও এপিসি গোলাম রাব্বানী তা নজরে আনেন। এরপর তাদের নির্দেশনায় মহিলা আনসার সদস্য মোছা. শাহেদা ও শ্রী আলো ওই যাত্রীর দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় নারী যাত্রী আনসার সদস্যদের পাঁচ হাজার টাকা উৎকোচ দেওয়ার চেষ্টা করেন, যা তারা প্রত্যাখ্যান করেন।
এভসেক কর্তৃপক্ষ, শিফট টিআই জায়েদ হোসেন এবং শিফট ইনচার্জ পিসি মো. নিজাম উদ্দিনের উপস্থিতিতে আরও তল্লাশি চালিয়ে এক হাজার ৩০০ পিস ইনসুলিন সিরিঞ্জ উদ্ধার করা হয়। প্রতিটি সিরিঞ্জের আনুমানিক বাজারমূল্য ২ হাজার ২০০ টাকা ধরা হলে উদ্ধারকৃত পণ্যের মোট মূল্য দাঁড়ায় ২৮ লাখ ৬০ হাজার টাকায়।