বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানের চারটি সরকারি পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের সুযোগ করে দিয়েছে জেলা প্রশাসন। রোববার (২৭ সেপ্টেম্বর) নীলাচল, মেঘলা পর্যটন কমপ্লেক্স, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে এই বিশেষ সুবিধা পাওয়া যাবে। ওই দিন দেশি-বিদেশি পর্যটকরা কোনো প্রবেশ ফি ছাড়াই এসব স্থান পরিদর্শন করতে পারবেন।

জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সজীব কান্তি রুদ্র স্বাক্ষরিত শনিবার (২৬ সেপ্টেম্বর) ইস্যাকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশ্ব পর্যটন দিবসের আলোকে জেলা প্রশাসন পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পর্যটন খাতের বিকাশ, পর্যটকদের উৎসাহিত করা এবং বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন সম্ভাবনাকে আরও ব্যাপকভাবে তুলে ধরতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বান্দরবান পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। পাহাড়, মেঘ, সবুজ বনভূমি ও বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য এ জেলার পর্যটনকেন্দ্রগুলোকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে। নীলাচল থেকে পাহাড়ের বিস্তীর্ণ দৃশ্য, মেঘলায় লেক ও পাহাড়ের সৌন্দর্য, প্রান্তিক লেকের নৈসর্গিক পরিবেশ এবং চিম্বুকের পাহাড়ি দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে।

বিশ্ব পর্যটন দিবসে বিনা মূল্যে প্রবেশের সুযোগকে কেন্দ্র করে এসব পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর উপস্থিতি বাড়বে বলে আশা করছে জেলা প্রশাসন। এতে স্থানীয় পর্যটন ব্যবসা ও সংশ্লিষ্ট অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।