কক্সবাজারের উখিয়ার বালুখালী আশ্রয়শিবিরে (ক্যাম্প-১৮) দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হাশিম (৩৪) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ৮ জন যাত্রী আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশা দুটি দুমড়েমুচড়ে যায়।
শনিবার সকাল সাড়ে আটটার দিকে আশ্রয়শিবিরের এফ-৩০ ব্লকের তিন রাস্তার মাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. হাশিম আশ্রয়শিবিরের এইচ-৭৫ ব্লকের বাসিন্দা নুরুল আলমের ছেলে বলে জানা গেছে।
আশ্রয়শিবিরের রোহিঙ্গা নেতা কামাল হোসেন জানান, শিবিরের ভেতরে রোহিঙ্গাদের যাতায়াতের জন্য এক হাজারের বেশি সিএনজি ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। তিনি বলেন, "সকাল সাড়ে আটটার দিকে ১৮ নম্বর ক্যাম্পের তিন রাস্তার মাথা সড়কে যাত্রীবাহী দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে অন্তত ৯ জন রোহিঙ্গা যাত্রী আহত হন।"
আহতদের উদ্ধার করে দ্রুত আশ্রয়শিবিরের অভ্যন্তরে এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. হাশিমকে মৃত ঘোষণা করেন এবং অন্য আহতদের প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "সিএনজিচালিত দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় রোহিঙ্গা যুবক হাশিমের মৃত্যু হয়েছে।"
তিনি আরও জানান, পরিবারের অনুরোধে বিকেলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।