নারায়ণগঞ্জের বন্দরে দিনদুপুরে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০ থেকে ১২ জনের একটি দল দোকানে ঢুকে মালিক ও এক ক্রেতাকে মারধর করে স্বর্ণালংকার ও রুপা লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ডাকাতির পুরো দৃশ্যটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সাড় ১২টার দিকে বন্দর থানার ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের দেবাশীষ ঢালীর স্বর্ণের দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বন্দর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকান মালিক দেবাশীষ ঢালী জানান, "দুপুর সাড় ১২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল হঠাৎ তার দোকানে প্রবেশ করে। এ সময় তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মারধর করে। পরে দোকানে থাকা এক ক্রেতার কাছ থেকে সাড়ে ৩ ভরি স্বর্ণ এবং দোকানের সিন্দুক ও ড্রয়ারে রাখা আরও প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। এ ছাড়া তারা প্রায় ২০০ থেকে ৩০০ ভরি রুপাও নিয়ে গেছে"।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন আলামত পর্যালোচনা করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।